বাদাঘাটে নির্যাতনের শিকার হয়ে নিহত শিশু ফাহিমা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার দুপুরে ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ২৮ দিন পেরিয়ে গেলেও মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়া উদ্বেগজনক। তিনি বলেন, একটি অবুঝ শিশুর জীবন ও সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, অপরাধী এবং তাদের সহযোগীদের আইনের আওতায় আনতে হবে। তারা দেশের যেখানেই আত্মগোপন করে থাকুক না কেন, আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের গ্রেপ্তার করতে হবে। তিনি বলেন, এ ধরনের অপরাধের বিচার না হলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়বে।
তিনি অভিযোগ করেন, ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনও অভিযোগপত্র দাখিল হয়নি। এজন্য তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত সম্পন্ন করার আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব অপরাধীদের খুঁজে বের করা এবং আইনমন্ত্রীর দায়িত্ব বিচার নিশ্চিত করা। তিনি বলেন, “দায়িত্ব পালনে আন্তরিকতা প্রমাণ করতে হবে কাজের মাধ্যমে।”
ফাহিমার পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী আইনগতসহ সব ধরনের সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকবে। তিনি স্থানীয় জনগণকেও পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাই না আর কোনো বাবা-মাকে বলতে হোক—আমার সন্তানকে আর ফিরে পাব না, আমি শুধু বিচার চাই। বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দেশের যেখানেই কোনো নির্যাতিত বা মজলুম মানুষের ঘটনা ঘটবে, সেখানেই মানবিক দায়িত্ববোধ থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করবে তার দল।
সাক্ষাৎকালে স্থানীয় বাসিন্দা, দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/এপি









