হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আশরাফুল ইসলাম দেবপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার বাসিন্দা সাহিদুল ইসলামের ছেলে।
মঙ্গলবার সকালে উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে গাছ কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আশরাফুল। পরে কালনী এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্যমতে, আশরাফুলের মা স্বামী পরিত্যক্তা হওয়ায় ছোটবেলা থেকেই তিনি উপজেলার দেবপাড়া গ্রামের উত্তরপাড়ায় তার নানাবাড়িতে বসবাস করে আসছিলেন।
ঘটনার খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। আশরাফুলের আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








