বিয়ানীবাজারে পরপর তিন দিনে তিন মৃত্যু
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩৯ AM

বিয়ানীবাজারে পরপর তিন দিনে তিন মৃত্যু

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ০৮:১১:২৪ PM

বিয়ানীবাজারে পরপর তিন দিনে তিন মৃত্যু


বিয়ানীবাজার উপজেলায় গত তিন দিনের ব্যবধানে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৃথক তিনটি ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত শুক্রবার উপজেলার মাথিউরা ইউনিয়নের পশ্চিমপাড় এলাকায় তাওহীদা জান্নাত (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি মাথিউরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় ইকবাল হোসেনের মেয়ে।

পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

এর একদিন পর রোববার পৌর শহরের খাসাড়িপাড়া এলাকা থেকে সাদিকুল ইসলাম রুপক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, তার দুই হাত পেছনে বাঁধা অবস্থায় মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রাম এলাকায় শামীম আহমদ ধনু মিয়া (৪৫) নামে এক সিএনজি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

পরপর তিন দিনে তিনটি পৃথক ঘটনায় ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় বিয়ানীবাজারজুড়ে উদ্বেগ ও আলোচনা দেখা দিয়েছে। ঘটনাগুলোর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর