সালমান শাহর হত্যার রহস্য উদঘাটনে নতুন মোড়, কবর থেকে উত্তোলন হবে দেহাবশেষ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:১৩ PM

সালমান শাহর হত্যার রহস্য উদঘাটনে নতুন মোড়, কবর থেকে উত্তোলন হবে দেহাবশেষ

মো: ফারুক মিয়া

প্রকাশিত: ১১/০৬/২০২৬ ০২:৪১:২৮ PM

সালমান শাহর হত্যার রহস্য উদঘাটনে নতুন মোড়, কবর থেকে উত্তোলন হবে দেহাবশেষ

ছবি: রুবেল আহমদ


দীর্ঘ প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উদঘাটনে নতুন অগ্রগতি এসেছে। হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন। বুধবার বিষয়টি নিশ্চিত করে তদন্ত কর্মকর্তা জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

সালমান শাহ ভক্তরা বলেন, এ সিদ্ধান্তে সালমান শাহর ভক্ত ও স্বজনদের মধ্যে আশার সঞ্চার হয়েছে সঠিক বিচার পাওয়ার। দীর্ঘদিন ধরে তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে আসছিলেন। অনেকের প্রত্যাশা, নতুন তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটিত হবে। 

সিলেট বাসীরা বলছেন সালমান শাহ হত্যাকারী যেই হউক সঠিক রায় প্রদান করে তাকে শাস্তি প্রদান করা হউক। এর আগেউ অনেক সময় সিলেট বাসী ও সালমান ভক্তরা সঠিক বিচারের আশায় মানববন্ধন মিছিল করেছিলেন। অবশেষে সালমান শাহ্ মৃত্যুর পেছনে কারা দায়ি এই তদন্তে উঠে আসবে বলে মনে করছেন অনেকেই। 

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ। সে সময় তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরিবার শুরু থেকেই হত্যার অভিযোগ তুলে আসছে। পরবর্তীতে একাধিক তদন্ত ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মামলাটি এগিয়েছে।

গত বছরের ২০ অক্টোবর আদালত মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে রমনা থানায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।

নতুন এ পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের আলোচিত এ মামলার সত্য উদঘাটন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আশা করছেন সালমান শাহর অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ী। 

আজকের সিলেট/এপি/ফামি

সিলেটজুড়ে


মহানগর