সকালে রাস্তা ফাঁকা, চোখ টিভির পর্দায়
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৬ PM

সকালে রাস্তা ফাঁকা, চোখ টিভির পর্দায়

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৬/২০২৬ ১০:২২:০১ AM

সকালে রাস্তা ফাঁকা, চোখ টিভির পর্দায়


ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ শুরু হতেই মৌলভীবাজার শহরের চিরচেনা ব্যস্ততায় যেন হঠাৎ ব্রেক পড়ে। কর্মমুখর সড়কগুলো হয়ে ওঠে অস্বাভাবিক নীরব। মানুষের ভিড় সরে গিয়ে জমে ওঠে টিভির সামনে, আর ফুটবল উন্মাদনায় থমকে যায় পুরো শহরের স্বাভাবিক ছন্দ।

রোববার সকাল ৮টায় ম্যাচটি শুরু হওয়ার পরই পৌর শহরের কর্মচাঞ্চল্যে নেমে আসে অদ্ভুত স্থবিরতা। অন্যদিনের ব্যস্ত সকাল মুহূর্তেই রূপ নেয় নিস্তব্ধ এক প্রহরে। আজ সকাল সাড়ে ৮টায় দিকে জেলার পৌর শহরে চৌমুহনা চত্ত্বর ঘুরে এমন চিত্র দেখা যায়।

সাধারণত সকাল ৭টার পর থেকেই শহরের প্রধান সড়কগুলো কর্মমুখী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের পদচারণায় প্রাণ ফিরে পায়। তবে এদিন দৃশ্য ছিল পুরোপুরি ভিন্ন। ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও অটোরিকশার চলাচল ছিল উল্লেখযোগ্যভাবে কম। গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও চোখে পড়েনি স্বাভাবিক যানজট বা কোলাহল।

খেলা শুরুর পরপরই শহরের চায়ের দোকান, রেস্টুরেন্ট ও বাসাবাড়িতে টিভির সামনে ভিড় জমাতে শুরু করেন ফুটবলপ্রেমীরা। যেন পুরো শহর একসঙ্গে থমকে গিয়ে চোখ রাখে একই পর্দায়, আর্জেন্টিনার খেলায়।

স্থানীয়দের ভাষ্য, আর্জেন্টিনার খেলা মানেই আলাদা এক আবেগ। প্রিয় দলের ম্যাচ উপভোগ করতে অনেকেই দিনের কাজ সাময়িকভাবে স্থগিত রেখে টিভির সামনে বসেন। ফলে স্বাভাবিকভাবেই রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ে।

টমটম চালক রসময় দাস বলেন, সকালে এই সময় সাধারণত ভালো যাত্রী পাওয়া যায়। কিন্তু আজ খেলা শুরু হওয়ার পর থেকে তেমন কাউকেই দেখা যাচ্ছে না।

সৈয়ারপুর এলাকার বাসিন্দা রুবেল আহমেদ বলেন, আর্জেন্টিনার খেলা আমাদের কাছে উৎসবের মতো। কাজ পরে করলেও চলবে, কিন্তু খেলা মিস করা যাবে না।

শিক্ষার্থী নুসরাত জাহান জানান, আজ ক্লাস থাকলেও বাসায় সবাই মিলে খেলা দেখছেন। আর্জেন্টিনার খেলা মিস করা যায় না।

অটোরিকশাচালক শফিক মিয়া বলেন, এই সময়টা সাধারণত ব্যস্ত থাকে। কিন্তু আজ রাস্তায় মানুষইনেই, সবাই টিভির সামনে।

ফল ব্যবসায়ি বাসিত মিয়া বলেন, আজ দোকান একটু দেরিতে খুলেছি। খেলা না দেখে থাকা যায় না।

এদিকে, বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও দেরিতে কার্যক্রম শুরু করতে দেখা গেছে। অনেক দোকানপাট খোলা থাকলেও সেখানে কেনাবেচার চেয়ে খেলা দেখার আগ্রহই বেশি ছিল।

সব মিলিয়ে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে মৌলভীবাজারে তৈরি হয় এক ভিন্ন আবহ। ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে স্তব্ধ হয়ে যায় সকালের ব্যস্ততা, আর পুরো শহর ডুবে যায় এক অনন্য সম্মিলিত অনুভূতিতে প্রিয় দলের খেলা দেখার আনন্দে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর