দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ PM

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০৯:২৩:৫০ AM

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী


দেশবিরোধী যেকোনো চক্রান্ত এবং আগ্রাসী শক্তির কাছে জাতীয়তাবাদী শক্তি কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভূখণ্ডের সুরক্ষায় জাতীয়তাবাদী শক্তি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাবে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রিজভী।

আলোচনা সভায় শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহর পাশে বসার অভিজ্ঞতার কথা তুলে ধরে রিজভী বলেন, এতে তিনি গর্বিত ও আবেগাপ্লুত হয়েছেন। বরকত উল্লাহ তাকে জানিয়েছেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং ১৯৯০ সালের রাকসু নির্বাচনে রিজভীকে ভোট দিয়েছিলেন।

রিজভী বলেন, সাধারণ শিক্ষার্থীদের ভোটেই তিনি ওই নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হতে পেরেছিলেন। এত বছর পর একজন শহীদের বাবা নিজে এসে সেই নির্বাচনে তাকে ভোট দেওয়ার কথা বলায় তার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

বিগত সরকারের সময় দেশের সার্বভৌমত্ব দুর্বল করে পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষা করা হয়েছিল বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তার ভাষ্য, তৎকালীন প্রধানমন্ত্রী প্রকাশ্যেই বলেছিলেন, ভারতকে যা দেওয়া হয়েছে, তা তারা মনে রাখবে।

রিজভী বলেন, এই নতিস্বীকারের বিরুদ্ধে আবরার ফাহাদ সাহসী ও তীক্ষ্ণ প্রতিবাদ গড়ে তুলেছিলেন। আর সেটিই তার ‘আসল অপরাধ’ হিসেবে বিবেচিত হয়েছিল। তাকে হত্যার মধ্য দিয়ে পুরো জাতিকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

টলস্টয়ের বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, অন্যের বেদনা অনুভব করাই মানবিক অস্তিত্বের অন্যতম প্রকাশ। আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ড পুরো জাতিকে কাঁদিয়েছিল এবং দেশপ্রেমিক মানুষকে জাগিয়ে তুলেছিল। তার মতে, সেই জাগরণের ধারাবাহিকতাতেই ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন এবং ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পলায়নের ঘটনা ঘটে।

জাতীয়তাবাদী ছাত্রদলের আন্দোলন-সংগ্রামের কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, রাজপথে ছাত্রদল বারবার রক্তাক্ত হয়েছে। তবে খালেদা জিয়ার আপসহীন রাজনীতির ধারাকে ধারণ করে সংগঠনটি কোনো গোপন বা ছদ্মবেশী রাজনীতির আশ্রয় নেয়নি। রাজপথে আঘাত সহ্য করেই তারা নিজেদের স্বাধীন অস্তিত্ব ধরে রেখেছে।

বক্তব্যের শেষ দিকে শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করেন রিজভী। তিনি বলেন, বাংলায় প্রবাদ আছে ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’। আবরারের আত্মত্যাগ দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার যেকোনো চক্রান্তের বিরুদ্ধে কীভাবে পুরো জাতি রুখে দাঁড়াতে পারে, সেই শিক্ষা দিয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।

আলোচনা সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ঢাকা কলেজ এবং ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও পূর্ব ইউনিটের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর