নায়কের প্রশ্ন ‘পেশাদার’, নায়িকা হলেই ‘বেশি কথা’!
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৬ PM

নায়কের প্রশ্ন ‘পেশাদার’, নায়িকা হলেই ‘বেশি কথা’!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৯:৫৮:১৪ AM

নায়কের প্রশ্ন ‘পেশাদার’, নায়িকা হলেই ‘বেশি কথা’!


সময় বদলেছে, নারীকেন্দ্রিক সিনেমার সংখ্যাও বেড়েছে। কিন্তু তারপরেও বলিউডে লিঙ্গবৈষম্য কমেনি। এবার সেই প্রসঙ্গে মন্তব্য করলেন অভিনেত্রী কৃতি শ্যানন। কাজের পরিবেশে পুরুষ ও মহিলা শিল্পীদের প্রতি আচরণে যে ফারাক রয়েছে, সে কথাই প্রকাশ্যে তুলে ধরলেন তিনি।

এক সাক্ষাৎকারে কৃতি জানান, মডেলিং, ইঞ্জিনিয়ারিং কলেজ কিংবা অভিনয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতার মধ্যে বলিউডই তাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তার ক্যারিয়ারের শুরুর দিকে অধিকাংশ সিনেমা নায়ককেন্দ্রিক ছিল।

নায়িকাদের চরিত্র অনেক সময় শুধু প্রেমিকাতেই আটকে থাকত। যদিও এখন পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে এবং নারীদের জন্য আরও গুরুত্বপূর্ণ চরিত্র লেখা হচ্ছে, তবু বৈষম্য রয়ে গেছেই বলেই দাবি তার।

কৃতির অভিযোগ, শুটিংয়ে নিজের চরিত্র বা দৃশ্য নিয়ে প্রশ্ন করলে অনেক সময়েই তা নেতিবাচক ভাবে দেখা হয়। অথচ এমন কৌতূহল বা প্রস্তুতি নেওয়া তার অভ্যাস।

অভিনেত্রীর কথায়, ‘একজন নায়িকা যদি চরিত্র নিয়ে প্রশ্ন করেন, অনেকেই বলেন, ‘আবার কত প্রশ্ন শুরু হল!’ অথচ একই প্রশ্ন কোনও পুরুষ অভিনেতা করলে তাকে বলা হয়, তিনি কাজের প্রতি ভীষণ নিবেদিত। আমার সঙ্গেও এমন হয়েছে। আমি কোনও দৃশ্য নিয়ে বিশ্লেষণ করতে চাইলে শুনতে হয়েছে, ‘এত ভেবে দেখার দরকার নেই।’ অথচ একই কথা কোনও পুরুষ অভিনেতা বললে সেটাই গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে।

শুধু কাজের মূল্যায়নই নয়, শুটিংয়ের দৈনন্দিন ব্যবস্থাপনাতেও বৈষম্যের ইঙ্গিত দেখেছেন কৃতি। তিনি জানান, অনেক সময় পুরুষ অভিনেতাদের জন্য অপেক্ষাকৃত ভালো ঘর বা গাড়ির ব্যবস্থা করা হয়। যদিও এই সুবিধা-অসুবিধা তার কাছে মুখ্য নয়। তবু আচরণে, বারবার তাকে কম গুরুত্বপূর্ণ মনে করানো হত, এটাতেই তার আপত্তি।

আরও একটি অভিজ্ঞতার কথা তুলে ধরেন কৃতি। এই অভিনেত্রী বলেন, সহকারি পরিচালকরা অনেক সময় মহিলা শিল্পীদের আগে সেটে ডেকে নেন, কারণ পুরুষ তারকাদের অপেক্ষা করাতে তারা বেশি সংকোচ বোধ করেন। তার মতে, অজান্তেই অনেকেই পুরুষ তারকাদের বেশি গুরুত্ব দেন এবং মহিলা শিল্পীরা ‘স্বাভাবিক ভাবেই মানিয়ে নেবেন’ বলে ধরে নেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর