ঝগড়া বিবাদে না জড়িয়ে বলুন 'আমি রোজাদার'
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ AM

রহমতের দশকের ষষ্ঠ দিন

ঝগড়া বিবাদে না জড়িয়ে বলুন 'আমি রোজাদার'

শাহিদ হাতিমী

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ১১:০৪:৩৬ AM

ঝগড়া বিবাদে না জড়িয়ে বলুন 'আমি রোজাদার'


রহমতের দশকের ৬ষ্ঠ দিন আজ। রোজাদারের খুশির বিষয় ২টি- যখন সে ইফতার করে তখন একবার খুশির কারণ হয়। আরো একবার যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করে রোজার বিনিময় লাভ করবে তখন খুশির কারণ হবে। মহাগ্রন্থ আল কুরআন এবং হাদিস শরীফে বার বার এ মাসকে প্রথম থেকেই অনুধাবন ও সদ্ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআন হাদিসের আলোকে মাহে রামজানের রহমত, মাগফিরাত ও নাজাত লাভের জন্য কবুল করুন।

প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাযি. বর্ণনা করেন, নবী কারীম সা. বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রামজান মাসের রোজা রাখবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়া হবে। যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করে কাটাবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে, (বুখারী, মুসলিম)।

আল কুরআনে বর্ণিত হয়েছে- হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পার। হাদীস শরীফে এসেছে- রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী সুঘ্রাণময়। দেখতে দেখতে আমরা ষষ্ঠ রামজানে চলে এসেছি।

হাদিসে আরো এসেছে, রাসুল সা. বলেন- আল্লাহ তায়ালা এরশাদ করেছেন, রোজা ছাড়া আদম সন্তানের প্রত্যেকটি কাজই তার নিজের জন্য। তবে রোজা আমার জন্য। আমি নিজেই এর পুরস্কার দেব। রোজা (জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য) ঢাল স্বরুপ। আরো বর্ণিত হয়েছে- তোমাদের কেউ রোজা রেখে অশ্লীল কথাবার্তায় ও ঝগড়া বিবাদে যেন লিপ্ত না হয়। কেউ তোমার সঙ্গে গালমন্দ বা ঝগড়া বিবাদ করলে শুধু বলবে, আমি রোজাদার।

রহমতের দশকে মুসলিম উম্মাহর একমাত্র কামনা হলো আল্লাহ অনুগ্রহ লাভ করা। আল্লাহ তাআলার অফুরন্ত অনুগ্রহ ও নেয়ামত লাভে রহমতের দশকের তাঁর শুকরিয়া আদায়ে একটি দোয়া তুলে ধরা হলো- অর্থ : হে আল্লাহ! তোমার নির্দেশ অমান্য করার কারণে এ দিনে আমায় লাঞ্ছিত ও অপদস্থ করোনা । তোমার ক্রোধের চাবুক দিয়ে আমাকে শাস্তি দিওনা। সৃষ্টির প্রতি তোমার অসীম অনুগ্রহ আর নিয়ামতের শপথ করে বলছি তোমার ক্রোধ সৃষ্টিকারী কাজ থেকে আমাকে দূরে রাখো, হে আবেদনকারীদের আবেদন কবুলের চূড়ন্ত উৎস। আল্লাহ তাআলা রামজান মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইস্তিগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দারে মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন। (চলবে)

লেখক : জৈষ্ঠ সহ সম্পাদক, আজকের সিলেট ডটকম।

সিলেটজুড়ে


মহানগর