ফিটকিরি যেভাবে ব্যবহার করলে মিলবে উপকার
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৯ AM

ফিটকিরি যেভাবে ব্যবহার করলে মিলবে উপকার

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৬ ১০:৩৮:০৮ AM

ফিটকিরি যেভাবে ব্যবহার করলে মিলবে উপকার


অতিরিক্ত ঘামের কারণে শরীরে দুর্গন্ধ হওয়া অনেকেরই অস্বস্তির কারণ। পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি এই সমস্যা কমাতে ঘরোয়া উপাদান হিসেবে ফিটকিরি ব্যবহার করে থাকেন অনেকে। বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে ব্যবহার করলে এটি ঘামের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

ফিটকিরি কী?
ফিটকিরি এক ধরনের খনিজ লবণ, যার বৈজ্ঞানিক নাম পটাশিয়াম অ্যালাম। একসময় পানি পরিশোধনেও এটি ব্যবহার করা হতো। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যাস্ট্রিনজেন্ট উপাদান ত্বকের পরিচর্যায়ও ভূমিকা রাখে।

কেন উপকারী?
ঘাম শরীরের স্বাভাবিক একটি প্রক্রিয়া, যা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে ঘামের সঙ্গে ব্যাকটেরিয়া মিশে গেলে দুর্গন্ধ তৈরি হতে পারে। ফিটকিরিতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এসব ব্যাকটেরিয়ার বিস্তার কমাতে সাহায্য করে। পাশাপাশি এর অ্যাস্ট্রিনজেন্ট বৈশিষ্ট্য ত্বকের রন্ধ্র কিছুটা সংকুচিত করে অতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে।

তবে চিকিৎসকদের মতে, ডায়াবেটিস, হরমোনজনিত সমস্যা বা অন্য কোনো শারীরিক অসুস্থতার কারণেও শরীরে দুর্গন্ধ হতে পারে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। যেভাবে ব্যবহার করবেন-

ফিটকিরির পানি
এক টুকরো ফিটকিরি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। এরপর সেই পানি শরীরের যেসব স্থানে বেশি ঘাম হয়, বিশেষ করে বাহুমূলে ব্যবহার করুন। চাইলে ভেজানো ফিটকিরিটিও আলতোভাবে ঘষে কয়েক মিনিট পর ধুয়ে ফেলতে পারেন।

ফিটকিরির গুঁড়া ও এসেনশিয়াল অয়েল
দুই টেবিল চামচ ফিটকিরির গুঁড়ার সঙ্গে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার বা টি-ট্রি এসেনশিয়াল অয়েল মিশিয়ে বাহুমূলে বা বেশি ঘাম হয় এমন স্থানে লাগাতে পারেন। গোসলের আগে ব্যবহার করলে দুর্গন্ধ কমাতে সহায়ক হতে পারে।

স্প্রে তৈরি করে ব্যবহার
গরম পানিতে ফিটকিরির গুঁড়া গুলে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। গোসলের পর বা বাইরে বের হওয়ার আগে বাহুমূল, হাতের তালু কিংবা পায়ের পাতায় স্প্রে করলে সতেজ অনুভূতি পাওয়া যেতে পারে।

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ফিটকিরি ব্যবহারের আগে ত্বকের ছোট একটি অংশে পরীক্ষা করে নেওয়া ভালো। ত্বকে জ্বালাপোড়া, অ্যালার্জি বা অস্বস্তি দেখা দিলে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর