মৌলভীবাজার-শমসেরনগর সড়কে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদির (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আব্দুল কাদির কমলগঞ্জ উপজেলার পতনঊষার এলাকার আব্দুল মোতালিবের ছেলে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা সদরের মাতারকাপন শিমুলতলা বাজার সংলগ্ন বেগের বাড়ি গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এক শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শমসেরনগর প্রধান সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আব্দুল কাদির ছিটকে রাস্তায় পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে টমটমে থাকা এক শিশুসহ আরও চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান।
মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি 








