রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় সোমবার দুই দেশে অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাশিয়ার ১৫ জন ও ইউক্রেনের ১১ জন নাগরিক রয়েছেন।
রুশ প্রশাসনের তথ্য অনুযায়ী, ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার ক্রাসনোদার, বেলগোরোদ ও ক্রিমিয়ায় হতাহতের ঘটনা ঘটে। ক্রাসনোদারের গভর্নর জানান, গেলেন্দঝিক জেলার আরখিপো-ওসিপোভকায় ড্রোন হামলায় তিন শিশুসহ সাতজন নিহত ও প্রায় ৪০ জন আহত হয়েছেন। এ ছাড়া ক্রিমিয়ায় চারজন এবং বেলগোরোদে চারজন নিহত হয়েছেন।
অন্যদিকে, ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক ও জাপোরিজ্জিয়া অঞ্চলে রুশ হামলায় ১১ জন নিহত হয়েছেন।
এর মধ্যে দিনিপ্রোপেত্রোভস্কের একটি পেট্রোল স্টেশনে ড্রোন হামলায় এক জরুরি পরিষেবাকর্মী ও তার আট বছর বয়সী ছেলে নিহত হয়েছে।
উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধে বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
আন্তর্জাতিক ডেস্ক 








