সিলেটে চার দফা দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন চা শ্রমিকরা। একই সঙ্গে দাবি আদায়ে ১৫ দিনের সময়সীমা (আল্টিমেটাম) ঘোষণা করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। রোববার দুপুরে নগরীর মালনীছড়া চা বাগান এলাকা থেকে চা শ্রমিকদের মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে সমবেত হয়। সেখানে আয়োজিত সমাবেশে শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরিতে জীবনযাপন করা শ্রমিকদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তারা জানান, তাদের সার্বিক দাবির বিষয়ে দুই দিন আগে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। সেখানে দাবিগুলো নিয়ে সিদ্ধান্তের জন্য ১৫ দিনের সময় নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের দেওয়া আশ্বাসের ভিত্তিতে আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সিলেটের ২৩টি চা বাগানের শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে সমাবেশ থেকে জানানো হয়। সমাবেশ শেষে চা শ্রমিকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের কাছে স্মারকলিপি দেন।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক বলেন, শ্রমিকদের দাবিসংবলিত স্মারকলিপিটি দ্রুত যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তিনি আশা প্রকাশ করেন, সরকার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করবে।
জেলা প্রশাসক জানান, চা শ্রমিকদের চার দফা দাবির মধ্যে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আয়োজনের দাবিটি ইতোমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে। এ জন্য অর্থ মন্ত্রণালয় ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিগগিরই নির্বাচন আয়োজন করবে।
চা শ্রমিকদের চার দফা দাবির মধ্যে রয়েছে দৈনিক মজুরি বাড়িয়ে ন্যূনতম ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল, চা জনগোষ্ঠীর ভূমির মালিকানা নিশ্চিত করা এবং দ্রুত চা শ্রমিক ইউনিয়নের সিবিএ নির্বাচন আয়োজন করা।
দাবি আদায়ের লক্ষ্যে চা শ্রমিকরা এর আগেও বিভিন্ন সময়ে সড়ক অবরোধ ও বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।
আজকের সিলেট/ জেকেএস









