সুনামগঞ্জের দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগে কামরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।আটক কামরুল ইসলাম দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের মধুপুর এলাকার আব্দুল কাদিরের ছেলে।
অপরদিকে নিহত দুই শিশু হলো- মোহাদ্দিছ মিয়া (৭) ও তুলনা আক্তার (৪)।
বুধবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জুলাই শুক্রবার বিকেলে ছেলে মোহাদ্দিছ মিয়া ও মেয়ে তুলনা আক্তারকে নিয়ে বাড়ির বাইরে যান কামরুল ইসলাম। এরপর থেকে তিনি ও দুই সন্তান নিখোঁজ ছিলেন। গত ১০ আগস্ট সোমবার রাতে তিনি বাড়িতে একাই ফিরে আসেন। পরে গতকাল (১১ আগস্ট) সিলেট- সুনামগঞ্জের শান্তিগঞ্জের রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সেই মরদেহ নিখোঁজ তুলনার বলে শনাক্ত করা হয়।
এ ঘটনার পর বুধবার দুপুরে সুনামগঞ্জের দিরাই রাস্তায় আরেক শিশু অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সেটি নিখোঁজ মুহাদ্দিস মরদেহ বলে পুলিশ শনাক্ত করে। এ ঘটনায় সন্দেহজনকভাবে শিশুদের বাবাকে আটক করে পুলিশ।
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) সুজন সরকার জানান, পারিবারিক কলহের জেরে কামরুল ইসলাম দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে। নিহত দুই শিশুর মরদেহ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/এপি









