গ্যাস সংকটে পাম্প বন্ধ, সিলেট-তামাবিল সড়ক অবরোধ শ্রমিকদের
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪০ AM

গ্যাস সংকটে পাম্প বন্ধ, সিলেট-তামাবিল সড়ক অবরোধ শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৮/২০২৬ ০৫:৫১:২৯ PM

গ্যাস সংকটে পাম্প বন্ধ, সিলেট-তামাবিল সড়ক অবরোধ শ্রমিকদের


গ্যাস সংকটের কারণে সিএনজি পাম্প বন্ধ থাকায় ক্ষুব্ধ হয়ে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। শুক্রবার সকালে সিলেটের শিবগঞ্জ এলাকায় সুরমা অটো কেয়ার পাম্পের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। শ্রমিকদের অবরোধের কারণে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, গ্যাস না থাকায় গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। ফলে বাধ্য হয়ে গাড়ি বন্ধ রাখতে হচ্ছে তাদের। এতে কর্মহীন হয়ে পড়েছেন তারা।

এর আগে বুধবার জালালাবাদ গ্যাস এক বিজ্ঞপ্তিতে জানায়, এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ অনাকাঙ্ক্ষিত মাত্রায় কমে গেছে। এ পরিস্থিতিতে সারাদেশের মতো জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের বিতরণ এলাকাতেও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। এ কারণে প্রতিষ্ঠানটির গ্যাস ব্যবহার ৫০ শতাংশের মধ্যে সীমিত রাখার জন্য অনুরোধ করা হয়। অন্যথায় গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে বৃহস্পতিবার বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ অনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জাতীয়ভাবে চলমান গ্যাস সংকটের কারণে সিএনজি অ্যাসোসিয়েশন সিলেট বিভাগ ও জালালাবাদ গ্যাস লিমিটেডের সঙ্গে অনুষ্ঠিত সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৩ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিন সকাল ৮টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর