চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের ৫ নির্বাচন: প্রতিমন্ত্রী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১৪ PM

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের ৫ নির্বাচন: প্রতিমন্ত্রী

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৬ ০৬:০১:৫১ PM

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের ৫ নির্বাচন: প্রতিমন্ত্রী


চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ ধরনের নির্বাচন তথা সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন ভবন, শহরের ময়লার ভাগাড় স্থানান্তর এবং রাধানগর-মহাজিরাবাদ সড়কের কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

নির্বাচন আয়োজনের প্রস্তুতি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, পাঁচটি নির্বাচন সম্পন্ন করতে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য পার্লামেন্টে অনুমোদিত বাজেটের মধ্যেই এ অর্থের সংস্থান রাখা হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় সরকার থেকেও এ বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

শ্রীমঙ্গলের পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ঐতিহ্য ও ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল অন্যতম। সারা বছর এখানে হাজার হাজার পর্যটকের আগমন ঘটে। পর্যটনকেন্দ্রিক বর্তমানে কী ধরনের উন্নয়ন কার্যক্রম চলছে এবং ভবিষ্যতে আরও কী কী উন্নয়ন করা যায়, সে বিষয়গুলো দেখতে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী তিনি শ্রীমঙ্গল সফর করছেন।

তিনি আরও বলেন, ধীরে ধীরে সারাদেশে নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় সরকারের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতেও নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের আওতা সম্প্রসারণ করা হবে। সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সেই বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় অনুশাসন জারি করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের ছোট অফিসগুলোতে নবায়নযোগ্য বিদ্যুতের উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিশ্চিত করতে ছয় মাস পরপর বিদ্যুৎ বিল পরীক্ষা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। এ কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজান রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আলম সিদ্দিকীসহ আরও অনেকে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর