মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনের সঙ্গে ধাক্কা লেগে দেবজিত দুলাল মৃদুল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কুলাউড়া পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেবজিত দুলাল মৃদুল কুলাউড়া পৌর এলাকার দিপন দেবের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুল চৌমুহনী এলাকায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় মৃদুলের সামনে হঠাৎ এক পথচারী নারী চলে আসেন। তাকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তিনি। পরে সড়কের পাশে ছিটকে পড়ে একটি ড্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ২টার দিকে তার মৃত্যু হয়।
কুলাউড়া থানার (এসআই) ফরহাদ মাতব্বর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ কুলাউড়ায় আনা হবে।
আজকের সিলেট/ জেকেএস
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 








