লং মার্চের নামে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বিরোধীরা : রিজভী
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ PM

লং মার্চের নামে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বিরোধীরা : রিজভী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০৯:১৯:০০ AM

লং মার্চের নামে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বিরোধীরা : রিজভী


সংসদে না গিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লং মার্চ’-এর কর্মসূচি দিয়ে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিরোধী দল রাজপথের লং মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ব্যক্তিগতভাবে অশ্রাব্য ও আপত্তিকর শব্দ ব্যবহার করছে। তার দাবি, দলটির পক্ষ থেকেও এসব কর্মকাণ্ডকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে, যা স্পষ্টত অপরাধমূলক কর্মকাণ্ড। জনগণের সামনে উচ্চারণ করা যায় না—এমন শব্দও প্রকাশ্যে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে বিরোধী দল সেটিকে দমন-পীড়ন হিসেবে তুলে ধরে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা চালাচ্ছে।

জ্বালানি সংকট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দল কেবল সমালোচনা করছে, কিন্তু সংকট সমাধানে গঠনমূলক কোনো প্রস্তাব দিচ্ছে না। সংসদে এ বিষয়ে পরামর্শ না দিয়ে তারা বাইরে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

দেশের রিজার্ভ বৃদ্ধি পাওয়ার মতো ইতিবাচক অর্জনগুলো বিরোধী দল জনগণের সামনে তুলে না ধরে আড়াল করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন রিজভী।

তিনি আরও বলেন, সরকার ব্যর্থ হয়েছে দাবি করে বিরোধীরা রাজপথে আন্দোলন করলেও সাধারণ জনগণ তাদের এই ভূমিকা ভালোভাবে দেখছে না। দায়িত্বশীল বিরোধী দলের মতো সংসদে নিজেদের দাবি বা প্রস্তাব উপস্থাপন না করে রাজপথ বেছে নেওয়াকে সরকারের সার্বিক উন্নয়ন আড়াল করার অপচেষ্টা বলে উল্লেখ করেন তিনি।

এদিকে বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান রিজভী। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্যবহৃত সব বিলবোর্ড ও ব্যানার অবিলম্বে খুলে ফেলতে হবে।

সাংবাদিক সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, আসাদুল করিম শাহীন, তারিকুল ইসলাম তেনজিং ও ডা. জাহিদুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর