‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ PM

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ০৯:২৪:২৬ AM

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া


এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া। সামাজিক সচেতনতামূলক গল্পের এই সিনেমার নাম ‘লজ্জা’। এটি পরিচালনা করবেন এমএইচ খোকন।

‘লজ্জা’ যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। এ নিয়ে সম্প্রতি চ্যানেল আই কার্যালয়ে দুই প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ সংশ্লিষ্টরা।

সিনেমাটির গল্প লিখেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। গল্পের প্রধান চরিত্রের জন্য বাঁধন ও ফারিয়াকে নির্বাচন করা হয়েছে। নির্মাণসংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ‘লজ্জা’র শুটিং শুরু হবে। তবে সিনেমাটির শুটিংয়ে বাঁধনের যোগ দিতে কিছুটা সময় লাগবে। বর্তমানে তিনি ইতালিতে অবস্থান করছেন। সেখানে তার অভিনীত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বিখ্যাত ভেনিস উৎসবে প্রতিযোগিতা করছে। ভেনিস উৎসবের পর দেশে ফিরে ‘লজ্জা’র কাজে যুক্ত হবেন বাঁধন।

‘লজ্জা’র পাশাপাশি বাঁধনের হাতে রয়েছে ‘গুলশানের চামেলী’ সিনেমাটিও। মোহাম্মদ ইকবাল পরিচালিত এই সিনেমার শুটিং বছরের শেষ দিকে শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে নুসরাত ফারিয়া কাজ করছেন মেহেদী হাসান পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’য়। এর শুটিং প্রায় শেষ হয়ে গেছে; শুধু একটি গানের দৃশ্যের কাজ বাকি। আগামী অক্টোবরে সিনেমাটি আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর