সিলেটে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ PM

সিলেটে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ০৩:২৪:৪৯ PM

সিলেটে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার


সিলেটে দুই শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে ফয়জুল হক নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরের শাহপরান (রহ.) থানা পুলিশ তাকে আটক করে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

ফয়জুল হক সিলেট সদর উপজেলার পীরের বাজার এলাকার একটি মাদ্রাসার শিক্ষক। পুলিশের ভাষ্য, ওই মাদ্রাসার হিফজ শাখায় পড়ুয়া ৮ থেকে ১০ বছর বয়সী দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শিশু দুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার জৈন্তাপুর থেকে ফয়জুল হককে আটক করা হয়। পুলিশ জানায়, পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন জানতে পেরে ফয়জুল মাদ্রাসা ছেড়ে জৈন্তাপুরে চলে যান। তার বাড়িও জৈন্তাপুরে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমদ বলেন, দুই শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে শিক্ষক ফয়জুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, শিশু দুটি সম্প্রতি মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসে এবং আর সেখানে যেতে চাইছিল না। অভিভাবকরা তাদের মারধর করেও মাদ্রাসায় পাঠাতে পারেননি। পরে শিশু দুটি তাদের অভিভাবকদের জানায়, প্রতি রাতে তাদের হুজুরের ঘরে যেতে হতো। সেখানে না গেলে মারধর করা হতো এবং ঘরে গেলে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হতো বলে অভিযোগ করে তারা।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়জুল হক অভিযোগের কথা স্বীকার করেছেন বলে দাবি করেন ওসি। এ সময় পুলিশ তাকে বিয়ের বিষয়ে প্রশ্ন করলে তিনি ‘মহিলাদের আমার ভাল্লাগে না’ বলে জবাব দিয়েছেন বলেও জানান তিনি।

শাহপরান থানার ওসি বলেন, মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফয়জুল হককে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে শিশু দুটির মেডিকেল পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর