সিলেট বিভাগে হামের সন্দেহে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৮
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ PM

সিলেট বিভাগে হামের সন্দেহে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ১২:৪৩:৪৮ PM

সিলেট বিভাগে হামের সন্দেহে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৮


সিলেট বিভাগে হামের পরিস্থিতির উন্নতি হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৫৮ জন। সোমবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৩ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন রয়েছেন। এ ছাড়া অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আরও ৫৬ জন সন্দেহজনক হামের রোগী।

এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ৫৩৫ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৭ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫ জন চিকিৎসা নিচ্ছেন।

বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে হামে আক্রান্ত সন্দেহে মোট ১ হাজার ৫৩ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে এই সময়ে নতুন করে নিশ্চিত হামের কোনো রোগী শনাক্ত হয়নি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তাদের একজনের বয়স ৭ মাস এবং অন্যজনের বয়স ২ বছর ২ মাস। দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মোট ১৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬৭ জন, সুনামগঞ্জে ৬৬ জন, হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজারে ১৫ জন মারা গেছেন।

প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর তথ্য প্রকাশ করছে স্বাস্থ্য বিভাগ। তবে এর মধ্যেও হাসপাতালগুলোতে রোগীর চাপ অব্যাহত রয়েছে। বিশেষ করে শিশু রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালগুলোতে চাপ আরও বাড়ছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর