সিলেটে মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত সামাজিক সংগঠন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির (UYBDS) কেন্দ্রীয় কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংগঠনের জরুরি সাধারণ সভায় সদস্য ও উপদেষ্টাদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। সোমবার সংগঠনটির অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে এক বছর।
কমিটিতে মো. ছালিম আহমদ খানকে সভাপতি এবং নাছির উদ্দিনকে সহ-সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সামিহা আক্তার তাহসিন। এছাড়া আরাফাত রহমান চৌধুরী সাংগঠনিক সম্পাদক, তায়্যিব হাসান রুতবা অর্থ সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা), মো. হাম্মাদ বীন আনিছ সরকার দপ্তর সম্পাদক এবং নাজমুন নাহার ফাহমিদা প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটির অন্যান্য পদে রয়েছেন দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক লুকমান আহমদ চৌধুরী এবং স্বাস্থ্য ও ব্লাড ক্যাম্পিং বিষয়ক সম্পাদক আরিফ আহমদ।
সংগঠন সূত্রে জানানো হয়েছে, নতুন নেতৃত্বের অধীনে যুব উন্নয়নমূলক কার্যক্রম, যুব উন্নয়ন প্রশিক্ষণ, রক্তদান, শিক্ষা সহায়তা, রক্তের গ্রুপ নির্ণয়, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটির সম্মিলিত প্রচেষ্টায় ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং সংগঠনটি মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
আজকের সিলেট/ জেকেএস









