শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ আটক ১, পিকআপ জব্দ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ PM

শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ আটক ১, পিকআপ জব্দ

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ০১:৪৭:৪৯ PM

শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ আটক ১, পিকআপ জব্দ


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ ঘটনায় মো. রুবেল মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।

এসআরবি-৯ জানায়, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল জানতে পারে, হবিগঞ্জের মাধবপুর থানা এলাকা থেকে একটি পিকআপে করে কয়েকজন ব্যক্তি মাদক নিয়ে সিলেটের দিকে যাচ্ছেন।

এরপর রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর রেলক্রসিং সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়।

এ সময় একটি পিকআপকে থামার সংকেত দিলে সেটি থামে। এসআরবি-৯-এর সদস্যদের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।

এসআরবি-৯ জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার হেফাজতে গাঁজা থাকার কথা জানান। পরে তার দেখানো অনুযায়ী পিকআপের বডিতে থাকা তিনটি বস্তায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে নীল রঙের পলিথিনে সাদা রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক মো. রুবেল মিয়া হবিগঞ্জের মাধবপুর থানার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আবদুল কাদের।

এসআরবি-৯-এর জিজ্ঞাসাবাদে রুবেল দাবি করেন, হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ তথ্যটি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং জব্দ করা আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর