হাতখরচের টাকা জমিয়ে খামার, মাসে ৫০ হাজার টাকা আয় দুই শিক্ষার্থীর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ AM

হাতখরচের টাকা জমিয়ে খামার, মাসে ৫০ হাজার টাকা আয় দুই শিক্ষার্থীর

জয়নুল ইসলাম, বিয়ানীবাজার

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ০৯:২১:৩৩ AM

হাতখরচের টাকা জমিয়ে খামার, মাসে ৫০ হাজার টাকা আয় দুই শিক্ষার্থীর


হাতখরচের টাকা থেকে অল্প অল্প করে সঞ্চয় করেছিলেন বিয়ানীবাজারের দুই শিক্ষার্থী মাহবুব ও তাহমিদ। একসময় সেই সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ১০ হাজার টাকা। মূলধন হিসেবে ওই টাকা নিয়েই দেড় বছর আগে শুরু করেছিলেন মিশরীয় ফাওমি মুরগি ও কোয়েল পাখি পালন। ছোট সেই উদ্যোগ এখন রূপ নিয়েছে কয়েকশ পাখির খামারে।

বিয়ানীবাজার পৌরশহরের সুপাতলা গ্রামের বাসিন্দা মাহবুব ও তাহমিদ দুজনই এখনও পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি নিজেদের জন্য কিছু করার ভাবনা থেকেই খামার করার সিদ্ধান্ত নেন তারা।

তাদের ভাষ্য, পরিবার থেকে খাওয়া ও ব্যক্তিগত খরচের জন্য পাওয়া টাকার একটি অংশ নিয়মিত জমাতেন। এভাবে সঞ্চয় করতে করতে একসময় ১০ হাজার টাকা হলে সেই অর্থ দিয়েই খামারের যাত্রা শুরু করেন।

শুরুতে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে তাদের। সীমিত পুঁজি, অভিজ্ঞতার ঘাটতি এবং খামার পরিচালনার পর্যাপ্ত জ্ঞান না থাকায় সমস্যায় পড়তে হয়েছে। তবে এসব কারণে উদ্যোগ থেকে সরে আসেননি তারা। পড়াশোনার পাশাপাশি খামারের পরিচর্যা, টিকা দেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিজেরাই চালিয়ে যেতে থাকেন।

ধীরে ধীরে বাড়তে থাকে খামারের পরিসর। বর্তমানে সেখানে রয়েছে কয়েকশ মিশরীয় ফাওমি মুরগি ও কোয়েল পাখি। এসব পাখি থেকে পাওয়া ডিম ও মাংস স্থানীয় বাজারে বিক্রি করছেন তারা। এতে পড়াশোনার পাশাপাশি নিজেদের আয়ের একটি পথও তৈরি হয়েছে। বর্তমানে মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় করছেন বলে জানান মাহবুব ও তাহমিদ।

স্থানীয়দের মতে, পড়াশোনার পাশাপাশি সময় ও সামর্থ্য কাজে লাগিয়ে মাহবুব ও তাহমিদের এমন উদ্যোগ প্রশংসনীয়। অল্প পুঁজি দিয়ে শুরু করা তাদের এই খামার অন্য তরুণদেরও উদ্যোক্তা হওয়ার বিষয়ে আগ্রহী করতে পারে।

মাত্র ১০ হাজার টাকা দিয়ে শুরু হওয়া উদ্যোগটি দেড় বছরে এখন কয়েকশ মুরগি ও কোয়েলের খামারে পরিণত হয়েছে। পড়াশোনার পাশাপাশি নিজেদের উদ্যোগকে আরও বড় করার স্বপ্ন দেখছেন মাহবুব ও তাহমিদ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর