জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ২৭ নৌকা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ AM

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ২৭ নৌকা

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৯/২০২৬ ০৬:০৯:০৫ PM

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ২৭ নৌকা


সিলেটের জৈন্তাপুরে রাংপানি নদী ও ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২৭টি নৌকা ধ্বংস করেছে উপজেলা প্রশাসনের নেতৃত্বাধীন টাস্কফোর্স। ধ্বংস করা নৌকাগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা। সোমবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ২টা পর্যন্ত উপজেলার ৪ নম্বর রাংপানি নদী ও ঘাট এলাকায় এ অভিযান চলে। এতে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিজিবি ও পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।

অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা ৯ হাজার ১৭ ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দ করা বালু স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

প্রশাসন জানায়, বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ২৭টি নৌকা অভিযানের সময় ধ্বংস করা হয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নদী ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অভিযানকালে উপস্থিত সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদেরও অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর