মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শ্রীমঙ্গল থেকে মিরপুরের দিকে যাচ্ছিল ‘আলম এশিয়া পরিবহনের’ একটি বাস। একই সময়ে একটি সিএনজিচালিত অটোরিকশা লচনা এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। একপর্যায়ে বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে তাদের হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছিল।
শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে জয় সিংয়ের পরিচয় নিশ্চিত করা হয়। অপর দুজনের পরিচয় শনাক্তে কাজ চলছে।
বর্তমানে মরদেহগুলো শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে আইনি পদক্ষেপের মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আজকের সিলেট/ জেকেএস
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








