মৌলভীবাজারে বাড়ছে হাম-ডেঙ্গু, সদর হাসপাতালে রোগীর চাপ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ PM

মৌলভীবাজারে বাড়ছে হাম-ডেঙ্গু, সদর হাসপাতালে রোগীর চাপ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৬ ১০:১১:৪৪ AM

মৌলভীবাজারে বাড়ছে হাম-ডেঙ্গু, সদর হাসপাতালে রোগীর চাপ


মৌলভীবাজারে একদিকে বাড়ছে হামের সংক্রমণ, অন্যদিকে জেলায় শনাক্ত হচ্ছে ডেঙ্গু রোগী। দুই রোগে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই বর্তমানে প্রায় ৫০ জন হাম রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ৩০ জন শিশু ও ২০ জন প্রাপ্তবয়স্ক।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত জেলায় ৩৭ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালে ৩২ জন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২ জন।

সরকারি হাসপাতালের পাশাপাশি জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালেও হাম ও ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। সেখানে দুই রোগে আক্রান্ত আরও প্রায় শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল সূত্র জানায়, পুরো জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৮৮৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একই সময়ে ডেঙ্গুর পরীক্ষা করা হয়েছে ৭৭৬ জনের। তাদের মধ্যে ৩৭ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে সরকারি হাসপাতালের হিসাবের বাইরে অনেকে বেসরকারি হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন।

এদিকে হামে আক্রান্ত হয়ে চলতি বছর চিকিৎসাধীন অবস্থায় অন্তত ১৫ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয়। এখনও জেলার বিভিন্ন স্থানে হামের উপসর্গ নিয়ে অনেকে চিকিৎসাধীন রয়েছেন।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রনয় কান্তি দাশ বলেন, হাসপাতালের ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। হাম ও ডেঙ্গুর প্রকোপের কারণে প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছেন। সীমিত জনবল ও সক্ষমতা দিয়ে একসঙ্গে বিপুলসংখ্যক রোগী সামলাতে গিয়ে তাদের মারাত্মক হিমশিম খেতে হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলাজুড়ে টিকাদান কর্মসূচি আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, জেলায় এখন পর্যন্ত ৩৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। একই সঙ্গে আশঙ্কাজনক হারে বাড়ছে প্রাণঘাতী হাম। এ পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে টিকাদান কর্মসূচি জোরদার করা হবে।

তিনি জানান, এ কর্মসূচির আওতায় ২১ হাজার ৩৪৪ জন শিশুকে হামের প্রতিষেধক টিকা দেওয়া হবে। সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত টিকাদান কর্মসূচির পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রমও চালিয়ে যাওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর