সিলেট বিভাগে হামে মৃত্যু বেড়ে ১৭৩, হাসপাতালে চিকিৎসাধীন ৬০০
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ PM

সিলেট বিভাগে হামে মৃত্যু বেড়ে ১৭৩, হাসপাতালে চিকিৎসাধীন ৬০০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৯/২০২৬ ১১:০৮:৪০ AM

সিলেট বিভাগে হামে মৃত্যু বেড়ে ১৭৩, হাসপাতালে চিকিৎসাধীন ৬০০


সিলেট বিভাগে হামের পরিস্থিতিতে তেমন কোনো উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত ১৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০০। একই সময়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের হিসাবে, সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে ১৭৫ জন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪০ জন সন্দেহজনক হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৭ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭ জন।

বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে কোম্পানীগঞ্জে ৫ জন, বিশ্বনাথে ৪ জন, বিয়ানীবাজারে ১০ জন, গোলাপগঞ্জে ৪ জন এবং ফেঞ্চুগঞ্জে ২ জন চিকিৎসা নিচ্ছেন।

সিলেটের বাইরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৮ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪০ জন রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৬৪ জনের মধ্যে ৭০ জনকে ভর্তি করা হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬২ জন। অন্য রোগীরা বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে গত এক দিনে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬৮ জন, হবিগঞ্জে ২৪ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের শুরু থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫৩ জন। জেলা হিসেবে সিলেটে ৩৮৫ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন।

তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর