দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ কমেছে ২,২১৬ টাকা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ PM

দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ কমেছে ২,২১৬ টাকা

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ১১:০৯:৩৮ AM

দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ কমেছে ২,২১৬ টাকা


দেশের বাজারে টানা তৃতীয় দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সংশোধিত এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এখন ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। সোমবার (২৮ সেপ্টেম্বর) একই পরিমাণ সোনার দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

মঙ্গলবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই বাজারের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর