নয় মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বিজিবি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ PM

নয় মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বিজিবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ০১:৩২:৫৬ PM

নয় মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বিজিবি


সীমান্তে চোরাচালান ও মাদক পাচার ঠেকাতে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ৯৩১ কোটি ২৭ লাখ টাকার চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল। এ সময়ে রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়ন এসব অভিযান পরিচালনা করে। বুধবার সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

প্রেস ব্রিফিংয়ে ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরাইল রিজিয়নের সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের ২১১টি বিওপির সদস্যরা সীমান্তে নিয়মিত নজরদারি ও টহল কার্যক্রম চালিয়েছেন।

এই নয় মাসে বিভিন্ন অভিযানে ১১টি পিস্তল, সাতটি এয়ারগান, পাঁচটি পাইপগান ও ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি ১৯ কেজি উচ্চ বিস্ফোরক এবং ১১৭টি ডেটোনেটরও জব্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে জব্দ করা হয়েছে ৩ লাখ ১২ হাজারের বেশি ইয়াবা, ১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা এবং ৬২ হাজার বোতলের বেশি বিদেশি মদ। এসব ঘটনায় মোট ৩০৫ জনকে আটক করা হয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন ঠেকাতেও অভিযান পরিচালনা করেছে বিজিবি। এর অংশ হিসেবে ময়মনসিংহে অভিযান চালিয়ে প্রায় ১৬ হাজার ঘনফুট পাথর এবং সাড়ে ৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রমও অব্যাহত রেখেছে সরাইল রিজিয়ন বিজিবি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর