শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সিলেট বিভাগে হাম ও সন্দেহে মৃত্যু ১৮৬, নতুন করে হাসপাতালে ১৪৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/১০/২০২৬ ০৪:৩৩:৪৪ অপরাহ্ন

সিলেট বিভাগে হাম ও সন্দেহে মৃত্যু ১৮৬, নতুন করে হাসপাতালে ১৪৩


সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮৬ হয়েছে। সর্বশেষ শুক্রবার সকালে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হাম সন্দেহে মারা গেছে ১৪ বছর বয়সী এক কিশোর। একই সময়ে বিভাগে নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৪৩ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। মৃত কিশোর আলম গোলাপগঞ্জ থানা এলাকার ইসলাম উদ্দিনের ছেলে। শুক্রবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে বিভাগে হাম ও হাম সন্দেহে মারা যাওয়া ১৮৬ জনের মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১০ জনের। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু সিলেটে, ৭৬ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৬৭, হবিগঞ্জে ২৮ এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৫। তাঁদের মধ্যে সিলেটে ৪২২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া ১৪৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭২, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, মৌলভীবাজার সদর হাসপাতালে ৯, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ এবং হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ভর্তি হয়েছে।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে মোট ৫৩৫ জন চিকিৎসাধীন রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর