প্রিয় পোষা বিড়ালকে ফিরে পেতে মাইকিং, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কিছুই বাদ রাখছেন না দুই বোন। মৌলভীবাজারের কুলাউড়ায় সাত মাস বয়সী পার্সিয়ান বিড়াল ‘মিরুশি’ নিখোঁজ হওয়ার পর তার সন্ধান দিতে পারলে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিক হাবিবা ইসলাম ও আয়শা ইসলাম।
কুলাউড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লস্করপুর এলাকায় তাঁদের বাসা। সাদা ও হালকা ধূসর রঙের মিরুশির শরীর ও লেজে ঘন, লম্বা পশম রয়েছে। গত ৪ অক্টোবর থেকে বিড়ালটির খোঁজ পাচ্ছেন না তাঁরা।
বুধবার রাতে হাবিবা নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘নিখোঁজ সংবাদ’ শিরোনামে একটি পোস্ট দিয়ে সবার সহযোগিতা চান। পাশাপাশি আশপাশের এলাকায় মাইকিং করান এবং শহরের বাসস্ট্যান্ডেও খোঁজ নেন দুই বোন।
দুই বোন জানান, ৪ অক্টোবর তাঁদের বাসায় কয়েকজন অতিথি এসেছিলেন। অতিথিরা চলে যাওয়ার পর মিরুশিকে আর খুঁজে পাওয়া যায়নি। আশপাশের বিভিন্ন বাসাবাড়িতে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি। অতিথিদের আসার সময় বাসার প্রবেশফটক খোলা ছিল। সেই সুযোগে বিড়ালটি বাইরে চলে যেতে পারে বলে তাঁদের ধারণা।
খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় এক বাসিন্দা জানান, ঘটনার দিন সন্ধ্যায় এক তরুণকে একটি বিড়াল বুকে জড়িয়ে হেঁটে যেতে দেখেছেন তিনি। তবে ওই তরুণকে চিনতে পারেননি। পরে পাশের এক আত্মীয়ের বাসার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। সেখানে এক তরুণকে হেঁটে যেতে দেখা গেলেও তাঁর সঙ্গে বিড়াল ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এরপর শহরের বাসস্ট্যান্ডেও খোঁজ করেন তাঁরা। বাসস্ট্যান্ডের ব্যবস্থাপক তাঁদের জানান, ঘটনার পরদিন ৫ অক্টোবর এক তরুণকে কাঁধে একটি বিড়াল নিয়ে বাসে উঠতে দেখা গেছে।
হাবিবা বলেন, ফেসবুকে পোস্ট দিয়ে তাঁরা সবার সহযোগিতা চেয়েছেন। কেউ মিরুশির সন্ধান দিতে পারলে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ ঘটনায় কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথাও জানান তিনি।
বিড়ালের প্রতি দুই বোনের ভালোবাসা ছোটবেলা থেকেই। তাঁরা জানান, শৈশবে তাঁদের দুটি দেশি বিড়াল ছিল। একবার তাঁদের বাবা রাগ করে বিড়াল দুটিকে বাড়ি থেকে দূরে রেখে আসেন। স্কুল থেকে ফিরে বিড়ালগুলোকে না পেয়ে কান্নাকাটি শুরু করেন দুই বোন। পরে বাবা তাঁদের সঙ্গে নিয়ে বিড়াল খুঁজতে বের হন। প্রথমে একটির সন্ধান পাওয়া গেলেও অন্যটিকে খুঁজে পেতে সাত-আট দিন লেগেছিল। দুই বিড়ালকে ফিরে পেয়ে সেদিন খুব আনন্দিত হয়েছিলেন তাঁরা।
বর্তমানে তাঁদের চারটি পার্সিয়ান ও চারটি দেশি জাতের বিড়াল রয়েছে। গত দুই বছর ধরে পার্সিয়ান বিড়াল পুষছেন তাঁরা। প্রতিটি বিড়ালের আলাদা নামও রয়েছে।
দুই বোন জানান, প্রতিদিন দুই বেলা বিড়ালগুলোকে সেদ্ধ মুরগির মাংস ও বিড়ালের খাবার দেওয়া হয়। কুলাউড়ায় বিড়ালের খাবার পাওয়া যায় না বলে কিছুদিন পরপর সিলেট শহরে গিয়ে তা কিনে আনতে হয়।
হাবিবা বলেন, চার দিন ধরে মিরুশি নিখোঁজ। বিড়াল পোষা নিয়ে অনেকে ঠাট্টা করেন এবং নানা মন্তব্য করেন, যা তাঁদের কষ্ট দেয়। তবে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পোস্ট শেয়ার করে সহযোগিতা করছেন। সবার সহায়তায় মিরুশিকে ফিরে পাওয়ার আশা করছেন তাঁরা।
কুলাউড়া থানার উপপরিদর্শক ফরহাদ মাতব্বর বলেন, দুই বোন থানায় গিয়ে বিষয়টি জানিয়েছেন। নিখোঁজ বিড়ালটির ছবি ও তাঁদের নাম-ঠিকানা রাখা হয়েছে। বিড়ালটির সন্ধানে চেষ্টা চলছে।
আজকের সিলেট/ জেকেএস
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 








