‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুলসংগীতে সিলেট জেলা পর্যায়ে প্রথম হয়েছে গোয়াইনঘাটের শিক্ষার্থী অঙ্কিতা দাস। জেলার বিভিন্ন উপজেলার প্রতিযোগীদের পেছনে ফেলে এই সাফল্য অর্জন করেছে সে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রতিযোগিতার জেলা পর্যায়ের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে সিলেটের বিভিন্ন উপজেলায় প্রথম হওয়া প্রতিযোগীরা অংশ নেয়। বিচারকদের মূল্যায়নে সেরা নির্বাচিত হয় অঙ্কিতা।
অঙ্কিতা গোয়াইনঘাটের বিয়াম ল্যাবরেটরি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই শুদ্ধ সংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক চর্চায় যুক্ত সে। উপজেলা পর্যায়ে প্রথম হওয়ার পর জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেয় অঙ্কিতা।
তার এই অর্জনে আনন্দিত শিক্ষক, সহপাঠী, পরিবারের সদস্য ও এলাকাবাসী।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী অঙ্কিতার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “অঙ্কিতার এই অর্জন পুরো গোয়াইনঘাটবাসীর জন্য অত্যন্ত সম্মানের। নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় আমাদের উপজেলার একজন শিক্ষার্থী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে, যা তরুণ প্রজন্মকে নজরুলের আদর্শ ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় আরও উদ্বুদ্ধ করবে।”
নিজের অনুভূতি জানিয়ে অঙ্কিতা বলে, “জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমার এই সাফল্যের পেছনে বাবা-মা ও শ্রদ্ধেয় শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। আমার পরবর্তী লক্ষ্য বিভাগীয় ও জাতীয় পর্যায়ে ভালো কিছু করে গোয়াইনঘাটের মুখ উজ্জ্বল করা।”
আজকের সিলেট/ জেকেএস
গোয়াইনঘাট প্রতিনিধি 








