মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

ইনফান্তিনোর বাড়তি ১৩ লাখ পাউন্ডের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০৯:২৭:৩৩ পূর্বাহ্ন

ইনফান্তিনোর বাড়তি ১৩ লাখ পাউন্ডের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন


ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মূল আয় ৪০ লাখ পাউন্ড। এর বাইরে আরও ১৩ লাখ পাউন্ডের একটি পারিশ্রমিক প্যাকেজ গ্রহণ করেছিলেন তিনি। অতিরিক্ত এই অর্থের তথ্য প্রকাশ্যে আসার পর ফিফার নিজস্ব বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ব্রিটিশ সংবাদপত্র ''দ্য টেলিগ্রাফ''-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া একটি কোম্পানির কাছ থেকে এই বাড়তি অর্থ পেয়েছেন ইনফান্তিনো। তবে ফিফার ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনে ওই অর্থের উল্লেখ নেই।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবার প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, এফডব্লিউসি২০২৬ ইউএস ইঙ্ক ইনফান্তিনোকে ১৭ লাখ ৬০ হাজার ডলার দিয়েছিল। ফিফার বার্ষিক প্রতিবেদনে এই অর্থ প্রকাশ করা না হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

ফিফার ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনে ইনফান্তিনোর পারিশ্রমিক হিসেবে ৪২ লাখ ৭০ হাজার সুইস ফ্রাঁ উল্লেখ করা হয়েছে। সেখানে বাড়তি অর্থ পাওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত নেই। অথচ ফিফার নিজস্ব বিধানে বলা আছে, সংস্থাটির সভাপতির ‘ব্যক্তিগত পারিশ্রমিক অবশ্যই প্রকাশ করতে হবে’।

মার্কিন রাজস্ব পরিষেবার প্রতিবেদনটি প্রথম প্রকাশ করে *দ্য টাইমস*। সংবাদপত্রটিকে ফিফার গভর্নেন্স কমিটির সাবেক প্রধান মিগুয়েল মাদুরো বলেছেন, অতিরিক্ত পারিশ্রমিকের তথ্য ঘোষণা না করা সংস্থাটির নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।

মাদুরো বলেন, ‘ফিফার সঙ্গে যুক্ত কোম্পানিগুলো থেকে যদি তাকে অন্য কোনো অর্থ প্রদান করা হয়ে থাকে এবং তা ঘোষণা করা না হয়ে থাকে, তবে এটি নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।’ এ বিষয়ে তদন্তেরও আহ্বান জানিয়েছেন তিনি।

ইনফান্তিনোর বাড়তি পারিশ্রমিকের তথ্য প্রকাশের পর তাঁর বিলাসবহুল জীবনযাপন নিয়েও আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন রয়েছে, মায়ামিতে তাঁর বিলাসবহুল জীবনযাপনের পেছনে ওই গোপন পারিশ্রমিকের ভূমিকা রয়েছে। বিশ্বকাপের শুরু থেকে তিনি সমুদ্রের ধারের একটি প্রাসাদসম বাড়িতে মাসে হাজার হাজার ডলার ভাড়ায় থাকছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ১৭ লাখ ৬০ হাজার ডলারের ওই অর্থের পাশাপাশি মূল বেতন ও বোনাসের বাইরেও আরও ৬ লাখ ২৬ হাজার ২২৯ ডলার পেয়েছিলেন ইনফান্তিনো। তাঁর বাড়তি পারিশ্রমিকের তথ্য প্রকাশ করা একটি সূত্র *দ্য টাইমস*-কে জানিয়েছে, ২০২৫ ও ২০২৬ সালেও সমপরিমাণ বা তার চেয়ে বেশি অর্থ পেয়ে থাকতে পারেন তিনি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর