বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৬ ১০:১৯:৩১ পূর্বাহ্ন

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮


সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বুধবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে বুধবার সৌদি আরবের শাইবাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলার চেষ্টাকালে একটি ড্রোন প্রতিহত করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।

হুথি বাহিনী ও সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি।

গত সপ্তাহে সৌদি আরব জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। এর আগের দিন, ১০ অক্টোবর একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন বলে জানিয়েছিল দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এদিকে, হুথিদের চলমান হামলার মধ্যে বুধবার সৌদি আরবে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলো থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে অবস্থিত মার্কিন মিশন থেকেও কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

একই দিন রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে হুথিদের আরও হামলার আশঙ্কায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর