কোম্পানীগঞ্জে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে আশিক মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিক মিয়া ওই গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে সায়েম আহমদের ভাষ্য অনুযায়ী, তাঁর চাচাতো ভাই সবুজ আহমদের মেয়ে মাইশা বেগম নদীতে গোসল করতে গেলে দুদু মিয়া তাঁকে বাধা দেন। একপর্যায়ে মাইশার গায়ে হাত তোলেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে মাইশার বাবা সবুজ মিয়া সেখানে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা মারামারিতে রূপ নেয়।
এ সময় দুই পক্ষের সংঘর্ষ থামানোর চেষ্টা করেন আশিক মিয়া। মাঝখানে পড়ে দুই পক্ষের লোকজনের এলোপাতাড়ি কিল-ঘুষিতে তিনি আহত হন। পরে তাঁকে অসুস্থ অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, মারামারি থামাতে গিয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আজকের সিলেট/ জেকেএস
কোম্পানীগঞ্জ প্রতিনিধি 








