কোম্পানীগঞ্জে গালিগালাজের জেরে রুস্তম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা বিল্লাল মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বিল্লালকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক বিল্লাল মিয়া উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে। নিহত রুস্তম আলী তার দূর সম্পর্কের চাচা।
আটক বিল্লাল মিয়ার বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. ওছমান গনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল জানিয়েছে, কয়েক দিন আগে রুস্তম আলী তাকে পাগল ও গাঁজাসেবী বলে গালিগালাজ করেন। এ ঘটনায় বিল্লালের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকেই বুধবার সকালে রুস্তম আলীকে একা পেয়ে বটিদা দিয়ে তার ওপর হামলা চালায় সে।
ওসি আরও জানান, নিহত রুস্তম আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজকের সিলেট/এপি
কোম্পানীগঞ্জ প্রতিনিধি 








