সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

১৮ অভিযানেও বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন, হুমকিতে শ্রীমঙ্গলের পরিবেশ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১০/১১/২০২৬ ১০:০২:০৮ পূর্বাহ্ন

১৮ অভিযানেও বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন, হুমকিতে শ্রীমঙ্গলের পরিবেশ


পাহাড়ি ছড়া, নদী আর কৃষিজমি থেকে অবৈধভাবে বালু তোলার প্রবণতা কিছুতেই থামছে না মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। প্রশাসনের ধারাবাহিক অভিযান, জরিমানা, কারাদণ্ড ও মামলা সত্ত্বেও উপজেলার বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে বালু উত্তোলনকারী চক্র। স্থানীয়দের অভিযোগ, অভিযান চালিয়ে বালু জব্দ করা হলেও কিছুদিনের মধ্যেই আবার শুরু হয় উত্তোলন। এতে একদিকে সরকার সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে হুমকির মুখে পড়ছে প্রাকৃতিক পরিবেশ, কৃষিজমি, গ্রামীণ সড়ক, সেতু ও বসতবাড়ি।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শ্রীমঙ্গলে থাকা ২৮টি বালুর কোয়ারি ও মহালের মধ্যে ইজারা দেওয়া হয়েছে মাত্র দুটি সাধারণ বালুমহাল। বাকি ২৬টি সিলিকা বালুর কোয়ারি ইজারার বাইরে থাকলেও সেগুলো ঘিরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে।

২০২৬ সালের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা সংক্রান্ত আইনে ১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১ লাখ ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা বালু নিলামে বিক্রি করে রাজস্ব আয় হয়েছে ২ লাখ ৭০ হাজার ২৫০ টাকা। এর সঙ্গে ৩১ অক্টোবর ও ২ নভেম্বরের আরও দুটি অভিযান যুক্ত হওয়ায় ২ নভেম্বর পর্যন্ত অভিযানের সংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে। তবে এত অভিযানেও অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়নি।

সর্বশেষ ৩১ অক্টোবর ও ২ নভেম্বর পৃথক দুটি অভিযান চালিয়ে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে প্রায় ২৬ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গেছে, ২ নভেম্বর বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মির্জাপুর ইউনিয়নের মুড়াছড়া ও বৌলাছড়া ভাঙা পুলসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এর আগে ৩১ অক্টোবর একই ইউনিয়নের রায়পরান পশ্চিমপাড়া মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আরও প্রায় ১৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। দুটি অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুল ইসলাম। জব্দ করা বালু স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হয়েছে।

মোহাম্মদ মিনহাজুল ইসলাম বলেন, অভিযানের সময় ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি। জব্দ করা বালু আইন ও বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

এর আগে সিন্দুরখান, ভূনবীর, মতিগঞ্জ ও কালাপুরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ভেকু মেশিন ও অন্যান্য সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের অভিযান শেষ হওয়ার পরপরই বিভিন্ন ছড়া ও নদী থেকে আবার বালু তোলা শুরু হয়।

অবৈধ বালু উত্তোলন ও পরিবহনকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা এবং সড়ক দুর্ঘটনার ঘটনাও ঘটছে। সম্প্রতি একটি বালুবাহী ডায়না গাড়ির চাপায় অটোরিকশা ও ব্যাটারিচালিত টমটমের চালকসহ ছয়জন আহত হন। এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পরে শ্রীমঙ্গল-মির্জাপুর সড়ক অবরোধ করা হলে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, র‍্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা। এ ঘটনা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীরাও হামলার শিকার হন।

অবৈধ বালু উত্তোলনের ঘটনায় মামলাও হয়েছে। চলতি বছরের ২ মে ভূনবীর ও মির্জাপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করার অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ভূনবীর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিমেল পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে পাহাড়ি ছড়া ও কৃষিজমিসংলগ্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের অভিযোগ আনা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ৩০টির বেশি পাহাড়ি ছড়া হাইল হাওরে গিয়ে মিলিত হয়েছে। এসব ছড়ার মধ্যে রয়েছে বর্মাছড়া, উদনাছড়া, হরিণছড়া, পুটিয়াছড়া, বিলাশছড়া, ফুলছড়া, কাকিয়াছড়া, আমরাইলছড়া, ইছামতিছড়া, ভুড়ভুড়িয়া, জাগছড়া, সুনাছড়া, নারাইনছড়া, বৌলাছড়া, গিলাছড়া, শিয়ালছড়া ও খাইছড়াসহ আরও কয়েকটি ছড়া।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সদর, সিন্দুরখান, আশিদ্রোন, সাতগাঁও, ভূনবীর, মির্জাপুর ও কালাপুর ইউনিয়নের বিভিন্ন ছড়া থেকে নিয়মিত বালু উত্তোলন করা হচ্ছে। এ ছাড়া শ্রীমঙ্গল সদর, কালিঘাট ও রাজঘাট ইউনিয়নের বিভিন্ন স্থানেও ছোট পরিসরে বালু তোলা হচ্ছে।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শ্রীমঙ্গলে মোট ২৬টি সিলিকা বালুর কোয়ারি ও দুটি সাধারণ বালুমহাল রয়েছে। সাধারণ বালুমহাল দুটি হলো গোপলা ছড়া ও শিয়াল ছড়া। এই দুটি বালুমহাল ১৪৩৩ বঙ্গাব্দ পর্যন্ত ইজারা দেওয়া হয়েছে। তবে আইনি জটিলতার কারণে বাকি ২৬টি সিলিকা বালুর কোয়ারি দীর্ঘদিন ধরে ইজারা দেওয়া সম্ভব হয়নি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর