সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এরিয়ার বিল সংক্রান্ত লেনদেনের ৬
লাখ টাকাসহ হাসপাতালটিতে কর্মরত দুই ব্রাদারকে আটক করেছে একটি গোয়েন্দা
সংস্থা। আটক দুই ব্রাদারের একজনের নাম সুমন ও অপরজনের নাম আমিনুল। তাদের
একজন হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে এবং অপরজন বহির্বিভাগে কাজ করেন।
মঙ্গলবার দুপুরের দিকে তাদের আটক করা হয়।
হাসপাতালটির
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুল আলম ভুঁইয়া একটি গুরুত্বপূর্ণ
গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সাংবাদিকদের জানান, হাসপাতালের নার্সিং
অ্যাসোসিয়েশনের সভাপতি শামিমা প্রথমে তাকে জানান যে, সাদা পোশাকের একদল লোক
সিনিয়র নার্স আমিনুলকে ধরে নিয়ে গেছে। এরপরই গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টরা
তাকে ফোন করে জানিয়েছেন, অবৈধ লেনদেনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে
৬ লাখ টাকাসহ তারা আমিনুল ও সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার
জেনারেল ডা. মাহবুব আরও জানান, হাসপাতালটিকে জিম্মি করতে বিভন্ন দালাল
চক্র সক্রিয়, এটা সবাই জানেন। তবে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে কর্তৃপক্ষ
কোনো ব্যবস্থা নিতে পারেন না।গোয়েন্দা সংস্থাটি এখন এ বিষয়ে কাজ করছে। ৬ লাখ টাকাসহ আটক আমিনুল ও সুমনের ব্যাপারে গোয়েন্দা তথ্যের
ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বোর্ড গঠন করে পুরো বিষয়টি তদন্ত করবেন।
এ ঘটনায় কতজন জড়িত এমন প্রশ্নে তিনি বলেন, এই ঘটনার মূল হোতা বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক ইসরাইল আলী ছাদেক। সে পলাতক রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হবে। প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখনো এই ঘটনায় মামলা হয়নি।
এ ঘটনায় নাম প্রকাশে না করার শর্তে ঘুষ প্রদানকারী সিনিয়র নার্স গণমাধ্যমকে বলেন, তার এরিয়ার (ডিউটির) বিলের ৩৪ লাখ টাকা বকেয়া ছিল। সেই টাকাগুলো তুলতে চাইলে ইসরাইল আলী ছাদেক, আমিনুল ও সুমন দেবসহ ৪ জন তার কাছে ১০ লাখ টাকা দাবি করে। অনেক দেনদরবারের পরে সাড়ে ৬ লাখ টাকায় রাজি হয়। আজ ৫০ হাজার কম দিয়ে ৬ লাখ টাকা মেডিকেল কলেজ অভ্যন্তরের ব্যাংক থেকে তুলে দিতে যাই। তখন ছাদেককে ফোনে বলি তার হাতে টাকা দেবো। কিন্তু সে আসেনি। আমিনুলকে পাঠায়। দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের অবজারভেশন কক্ষের পাশে স্টোর রুমে টাকা হস্তান্তর কালে দুইজন লোক এসে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং আমিনুল ও সুমন দেবকে আটক করে নিয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক কর্মচারী বলেন, ইসরাইল আলী ছাদেক বিগত দিনে সব কিছুর নিয়ন্ত্রক ছিলেন। নার্স হলেও কখনো তাকে নার্সের পোশাকে দেখা যায়নি। আগের দুই পরিচালকের মেয়াদে তার কর্মস্থল নগরের সামসুদ্দিন হাসপাতালে থাকলেও তিনি পরিচালকের কক্ষের পাশে নিজের অফিস করে বসে সবকিছু নিয়ন্ত্রণ করতেন। এমনকি জরুরি প্রয়োজনে চিকিৎসকরাও তার কাছে ধরনা দিতো।
আজকের সিলেট/এসপি/ডিআর
নিউজ ডেস্ক 








