সরকার স্বীকৃত বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড ‘আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে দেশের কওমি মাদরাসা গুলোর দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলে সিলেট বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ‘জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা টাইটেল মাদ্রাসা।’
হযরত লুৎফুর রহমান বর্ণভী (রহ.)- এর প্রতিষ্ঠিত ও আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী (রহ.) স্মৃতি বিজড়িত বরুণা টাইটেল মাদ্রাসার-২০২৪ সালের দাওরায়ে হাদিসের ২জন শিক্ষার্থী হাইআতুল উলয়া বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিয়ে দেশের সম্মিলিত মেধা তালিকায় ২টি স্থানসহ মোট ৩টি মুমতায (অ+) পেয়ে কওমি শিক্ষা বোর্ডে সিলেট বিভাগের শীর্ষে রয়েছে।
মাদ্রাসার শিক্ষক হাফেজ মাও. জুবায়ের আহমদ জানান জনান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর বিভিন্ন জামাতে ১৫ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান অর্জনসহ ৪৬ জন শিক্ষার্থী মুমতায (অ+) পেয়েছেন। এছাড়া অন্যান্য বোর্ডে আরও ১৭ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান অর্জনসহ মোট ১০৩ জন শিক্ষার্থী মুমতায পেয়েছেন। প্রতিষ্টানটির গড় পাশের হার ৯৮.৫৪।
তিনি জানান, সিলেট বিভাগে এবার হাইআতুল উলইয়া বোর্ড থেকে মোট ৫টি মেধা তালিকা এসেছে। এর মধ্যে বরুণা মাদরাসার ২জন শিক্ষার্থী রয়েছেন। এছাড়া বেফাক বোর্ডে ফজিলত মারহালায় মোট ৭জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পান, এরমধ্যে বরুণা মাদরাসার ৫ জন শিক্ষার্থী মেধার স্বাক্ষর রাখেন।
এদিকে, শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যে মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাও. শায়খ নূরে আলম হামিদী ও অধ্যক্ষ মাওলানা শায়খ বদরুল আলম হামিদী মহান আল্লাহ তায়ালার শোকর আদায় করে উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে শিক্ষক, অভিভাবক ও দেশ-বিদেশের দাতাগনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজকের সিলেট/ডি/এসটি
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








