সিলেটের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর এডিটর ইন চিফ এম. সাইফুর রহমান তালুকদার বলেছেন, আমাদের সমাজের নারীরা নানাভাবে নির্যাতিত হয়ে মানবেতর জীবন যাপন করছে, অনেকে দারিদ্রতার মধ্যে রয়েছেন, নারীদের কর্মসংস্থান আজ খুবই সীমিত। সমাজের এসব নারীদের প্রশিক্ষিত করার মাধ্যমে স্বাবলম্বী করতে সরকার এবং বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। অল্প পুঁজির মাধ্যমে একটি সেলাই মেশিন থাকলেই একজন নারী উপার্জনক্ষম হয়ে উঠতে পারে। এজন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। আর এই সেলাই প্রশিক্ষণ আমাদের নারীদের সমাজে অর্থনৈতিক ভাবে সাবলম্বী হয়ে নিজ পরিবারকে সহায়তা করার মতো সক্ষমতা আনতে এই প্রশিক্ষণ ভূমিকা রাখবে। কারন আমাদের মতো দেশের আর্থসামাজিক উন্নয়নে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
শুক্রবার বিকেলে নগরীর পীরমহল্লা এলাকায় দেশ যুব সংগঠন, সিলেট এর উদ্যোগে নারীদের জন্য ফ্রী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই প্রশিক্ষণটি মনযোগ সহকারে করলে আপনাদের অনেক লাভ হবে। নিজেরাই নিজেদের কাজসহ পরিবার ও প্রতিবেশীদের কাজ করতে পারবেন। নিজের কাজের স্বীকৃতি নিজেকে দিতে পারলে আপনারও আয়মূলক কাজে অংশগ্রহণ করে স্বাবলম্বিতা অর্জন করতে পারবেন। সহজ শর্তে ঋণ পেতে আপনাদেরকে সহযোগিতা করবে।
দেশ যুব সংগঠন, সিলেট এর সভাপতি মোঃ কামাল আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উদ্বোধনী দিনের প্রশিক্ষক মালেক আহমদ, নারী সংগঠক নাসিমা আক্তার ও অনামিকা চৌধুরী।
উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালায় ৩৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেছেন।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








