জরাজীর্ণ ছাপরা ঘরেই মানবেতর জীবন দিনমজুর আমির উদ্দিনের
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩১ AM

জরাজীর্ণ ছাপরা ঘরেই মানবেতর জীবন দিনমজুর আমির উদ্দিনের

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে

প্রকাশিত: ১১/০১/২০২৪ ১০:১৭:১৪ AM

জরাজীর্ণ ছাপরা ঘরেই মানবেতর জীবন দিনমজুর আমির উদ্দিনের

জরাজীর্ণ এ ছাপরা ঘরেই মানবেতর জীবন কাটাচ্ছেন দিনমজুর আমির উদ্দিন


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সরকারিভাবে বিভিন্ন প্রকল্পের আওতায় ভূমিহীন ও অসহায় দরিদ্রদের মাঝে আশ্রয়ণ ও দুর্যোগসহনীয় ঘর দেওয়া হয়েছে কয়েক ধাপে। কিন্তু দিনমজুর আমির উদ্দিন এর ভাগ্যে জোটেনি সরকারি একটি ঘর। ওই দিনমজুর থাকেন একটি জরাজীর্ণ ছনের ছাপরা ঘরে। ওই ঘরেই তিনি স্ত্রী, সন্তান নিয়ে রান্না করেন আবার খাওয়াদাওয়াও সারেন। বৃষ্টি নামলেই জরাজীর্ণ ঘরে তাদের ঘুম হারাম হয়ে যায়। এমনই এক মানবেতর জীবনের সঙ্গে যুদ্ধ করে টিকে আছেন দিনমজুর আমির উদ্দিন। 

উপজেলার রুস্তমপুর ইউনিয়নের টুকইর গ্রামের অধিবাসী দিনমজুর আমির উদ্দিন। দরিদ্রতার সাথে লড়াই করে জীবন সংগ্রামে ঠিকে থাকতে অন্যের জমিতে চাষ করে চলছে তার বেঁচে থাকার সংগ্রাম। বেলা শেষে ওই ছনের ছাপরা ঘরই তার ঠিকানা। সরকার থেকে একটি ঘর পাওয়ার দাবি তার।

ঘরের বাসিন্দা আমির উদ্দিন এর স্ত্রী বলেন, সরকারি ঘরের জন্য নাম দিয়েছি, কিন্তু এখনো কোন খবর নাই। 'আমাদের যদি সরকার থেকে একটি ঘর দিত তাহলে আমাদের খুব উপকার হতো।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন (শিহাব) বলেন, অসহায় আমির উদ্দিনকে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর দিলে স্ত্রী সন্তানদের নিয়ে থাকতে পারত। সে ঘর পাওয়ার উপযোগী। আমরা স্থানীয় মেম্বার সহ সকলে মিলে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু তার ভূমি জটিলতায় সরকারি ঘর নির্মাণ করা সম্ভব হয়নি। তবে আগামী প্রজেক্টগুলোতে সর্বোচ্চ চেষ্টা করবো যাতে তিনি ঘর পান।

আজকের সিলেট/প্রতিনিধি/এমএম

সিলেটজুড়ে


মহানগর