হবিগঞ্জের বাহুবল উপজেলার তগলীতে মাছ বোঝাই পিকআপ ও সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপের চালক ও সহকারী নিহত হয়েছেন। নিহতরা হলেন- পিকআপ চালক চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬) ও হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং (পূর্ব নোয়াগাও) গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)।
মঙ্গলবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর সুতাং বাজার থেকে মাছ বোঝাই পিকআপটি (ঢাকা মেট্রো ন ১৯-২৩২১) বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে পৌঁছে। সিলেটগামী সিমেন্ট ট্রাক (ঢাকা মেট্রো শ ১৩-০৫৭৩) তগলী নামক স্থানে পৌঁছলে উভয় গাড়ীর সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুৃচড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/ডি/এসটি
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








