হবিগঞ্জের লাখাই উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের আওতায় রাস্তার উন্নয়ন কাজ না করেই কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাসহ তিনজনের নামে মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন- লাখাই উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নূর, বুল্লা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ ও করাব ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য ইকবাল মিয়া হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলামের আদালতে এ মামলা দায়ের করেন।
হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্ট্যানো মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, বিচারক মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদুক) নির্দেশনা দিয়েছেন।
জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) বিশেষ বরাদ্দ হিসেবে বুল্লা ইউনিয়নের দুটি রাস্তা উন্নয়নের জন্য ১৩৫ টন চাল বরাদ্দ হয়। যার মূল্য ৫৪ লাখ টাকা। দুই প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি করাব ইউপি চেয়ারম্যান আবদুল কদ্দুছ।
অন্যদিকে বুল্লা ইউনিয়নে একইভাবে দুটি রাস্তা মেরামতের জন্য ১৪০ টন চাল অর্থাৎ ৫৬ লাখ টাকা বরাদ্দ হয়। ইউপি চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ দুটি প্রকল্প কমিটির সভাপতি ছিলেন।
মামলায় উল্লেখ করা হয়, বরাদ্দের পুরো টাকা উত্তোলন করা হলেও রাস্তাগুলো মেরামতের কোনো আলামত পাওয়া যায়নি। গ্রামবাসীও জানেন না কাজের কথা। লাখাইয়ে সে সময়কার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আলী নূর ও দুজন ইউপি চেয়ারম্যান প্রকল্পের কোনো কাজ না করে নিজেরা মাস্টাররোল পূরণ করে এবং শ্রমিকের স্বাক্ষর জাল-জালিয়াতি করে সব অর্থ আত্মসাৎ করেছেন।
আজকের সিলেট/ডি/এসটি
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি 








