ছবিটি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পূর্বপাড়া পানিউমদা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ক্যামেরাবন্দি করেছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল
সারাদেশের ১৫৬টি উপজেলার ন্যায় সিলেট বিভাগের ১০টি উপজেলায় শুরু হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ।
মঙ্গলবার সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে গত ৮ মে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলার কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সিলেট জেলার ৩টি উপজেলা ছাড়াও বিভাগের মধ্যে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ, মৌলভীবাজার জেলার রাজনগর এবং হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জ উপজেলা পরিষদে ২য় ধাপে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ।
তবে সকাল ৮টায় গ্রহণ শুরু হলেও ভোটগ্রহনের শুরুর দিকে কেন্দ্রে ভোটারের উপস্থিতি তেমন দেখা যায় নি।
আমাদের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল, সিলেট জেলার কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর প্রতিনিধি ও মৌলভীবাজার জেলার রাজনগর প্রতিনিধি জানান, কিছু কিছু ভোট কেন্দ্রে ৩-৪ জন ভোটার ও কিছু কিছু ভোট কেন্দ্রের লাইন ফাকা দেখা যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন প্রার্থীরা।
প্রথম ধাপে মোট ভোট পড়েছিল মাত্র ৩৬ দশমিক ১ শতাংশ। তবে দ্বিতীয় ধাপের ভোটে কেন্দ্রে পর্যাপ্ত ভোটার উপস্থিতি হবে বলে প্রত্যাশা করছে ইসি। সেজন্য কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়াতে এবং নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতিও নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








