মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পিকআপ ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় অনিক দেব মুন্না (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার বাবা অমল দেব (৫৫)।
তারা উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা।
সোমবার রাতে বাবা-ছেলে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মুন্সিবাজার ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় কুলাউড়া-সিলেট সড়কে এ দুর্ঘটনার কবলে পড়েন।
মঙ্গলবার রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মারা যাওয়া অনিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।
স্থানীয়রা জানান, রাজনগর উপজেলার মুন্সিবাজারে ব্যবসা করতেন অমল দেব। সোমবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তিনি ও তার ছেলে অনিক দেব মুন্না মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে সিলেট-কুলাউড়া সড়কে মুন্সিবাজার ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় পৌঁছালে একইদিকে চলতে থাকা একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয় তাদের মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই অনিক দেব মুন্না নিহত হন।
এ ঘটনায় গুরুতর আহত হলে অমল দেবকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মুন্না মৌলভীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আজকের সিলেট/ডি/এপি
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 








