স্থানীয় সরকারের অংশ সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। দোষিদের গ্রেফতার দাবিতে এবার তিনদিনের কর্মবিরতি কর্মসূচি দিয়েছে সরকারের এ অংশ।
সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় দোষিদের গ্রেফতারের দাবিতে এ কর্মসূচির ঘোষণা করেছে সিসিক।
সিসিক'র ভারপ্রাপ্ত মেয়র কাউন্সিলর মোঃ মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে শনিবার (২৯ জুন) নগর ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় কর্মসূচি পালনের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিসিক'র জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।
কর্মসূচির মধ্যে রোববার (৩০ জুন) দুপুর ১২টায় পেন-ডাউনের মধ্য দিয়ে নগর ভবনসহ ৪২টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এক যোগে ১ ঘন্টা করে মোট ৫৭ ঘন্টা কর্মবিরতি পালন করা হবে। এছাড়াও সোমবার (১লা জুলাই) নগরের টিলাগড় পয়েন্টে অবস্থান কর্মসূচি ও মঙ্গলবার (২রা জুলাই) সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারক লিপি প্রদান করা হবে।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান বলেন, ২০ নং ওয়ার্ডের ৫ বারের নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে ন্যাক্কারজনক হামলা ও ভাংচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় সকল কাউন্সিলর ও কর্মকর্তাদের সর্ব সম্মতিক্রমে রবিবার থেকে তিনদিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সভায় দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/কে.আর
নিজস্ব প্রতিবেদক 








