সুনামগঞ্জের শাল্লায় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আসা ১০০ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার প্রতাপপুর বাজারের কাছে কুশিয়ারা নদীতে শাল্লা থানা পুলিশ ধাওয়া দিলে চিনি বোঝাইকৃত নৌকাটি দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। পরে শাল্লা নামক স্থানে স্থানীয়দের সহযোগিতায় নদীতে থাকা নৌকা থেকে ১’শ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
এ ঘটনায় নৌকার দুই চালক আজহারুল ইসলাম (আজহার) (৪৫) ও জিসান আহমেদ (১৮) কে হাতেনাতে আটক করে পুলিশ।
শাল্লা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের পর আটক চিনির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/ডি/এসটি
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি 








