বাহুবল বাজারে স্ট্যান্ডের দখল নিয়ে সংঘর্ষ, আহত ২৫
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ PM

বাহুবল বাজারে স্ট্যান্ডের দখল নিয়ে সংঘর্ষ, আহত ২৫

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ০৪:১০:৩৩ PM

বাহুবল বাজারে স্ট্যান্ডের দখল নিয়ে সংঘর্ষ, আহত ২৫


হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি ও টমটম স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে বাহুবল বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বাহুবল তোহা বাজারের পাশে বকুলতলা এলাকায় সিএনজি ও টমটম স্ট্যান্ডের দখল নিয়ে গত তিন-চার দিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে কয়েক দফা কথা-কাটাকাটির পর এলাকায় উত্তেজনাও তৈরি হয়।

এরপর রোববার দুপুরে সিএনজি ও টমটম শ্রমিকদের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষ ছড়িয়ে পড়ায় আতঙ্কে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। স্থানীয় বাসিন্দারাও পরিস্থিতি শান্ত করতে সহযোগিতা করেন। পরে সংঘর্ষে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর