বানিয়াচংয়ে ১০ দিনেও সন্ধান মেলেনি মাদরাসাছাত্রী মীমের
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ PM

বানিয়াচংয়ে ১০ দিনেও সন্ধান মেলেনি মাদরাসাছাত্রী মীমের

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ০৩:১৩:০১ PM

বানিয়াচংয়ে ১০ দিনেও সন্ধান মেলেনি মাদরাসাছাত্রী মীমের


হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদরাসা থেকে নিখোঁজ হওয়ার ১০ দিন পেরিয়ে গেলেও ফাবিয়া তাবাসসুম মীমের (১০) কোনো সন্ধান পাওয়া যায়নি। মেয়েকে খুঁজে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার। দীর্ঘ সময়েও সন্ধান না মেলায় স্থানীয় থানা-পুলিশের তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।

মীম বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া এলাকার খোয়াজ আলী মিয়ার মেয়ে। সে স্থানীয় দারুল হিকমাহ তালীমুল কুরআন একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর সহপাঠীদের সঙ্গে মাদরাসায় যায় মীম। ছুটির পর তার সহপাঠীরা বাড়ি ফিরে গেলেও মীম আর বাড়িতে ফেরেনি। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা মাদরাসায় গিয়ে তার বই-খাতা ও ব্যাগ দেখতে পান। তবে সেখানে মীমকে পাওয়া যায়নি।

পরে পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ চালানোর পাশাপাশি স্থানীয়ভাবে মাইকিং করা হয়। মীমের সন্ধান চেয়ে মানববন্ধনও করেছেন স্থানীয়রা।

নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও শিশুটির সন্ধান না পাওয়ায় পুলিশি তৎপরতা আরও জোরদারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, মীমের নিখোঁজের ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর