হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মামা বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে কালভার্টের ভিতরের পাইপে আটকে শরুফা খাতুন নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শরুফা বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রামের মারফত আলীর মেয়ে।
বুধবার উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে শরুফা তার মায়ের সাথে তার মামার বাড়ি পিরোজপুর গ্রামে বেড়াতে আসে। দুপুরে শরুফা ডুবন্ত সড়কের পাশে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবন্ত কালভার্টের নিচে চলে যায়। এ সময় কালভার্টের নীচে থাকা পাইপে আটকে যায় শরুফা। স্থানীয়দের সহযোগিতায় শরুফার মামার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ময়না মিয়া জানান, স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল তৈরি করা হয়েছে।
আজকের সিলেট/ডি/এপি
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








